প্রথম বাংলাদেশি হিসেবে দুই ইনিংসেই মুমিনুলের সেঞ্চুরি

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়লেন তিনি। প্রথম ইনিংসে ১৭৬ রান করেন মুমিনুল। ম্যাচের পঞ্চম দিনের টি ব্রেকের আগেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ তিন উইকেটে ২৪৬ রান। 
 
সেই সুবাদে হারের শঙ্কায় থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত এই ম্যাচ বাঁচানোর আশা দেখছে। তার সঙ্গে যোগ্য সঙ্গী হিসেবে আছেন লিটন দাস। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারলেও কঠিন সময়ে হাফসেঞ্চুরি করে দলকে খাদের কিনার থেকে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তিনি। লিটনের সংগ্রহ এখনো পর্যন্ত ৭৫ রান।  
 
প্রথম ইনিংসে ২০০ রানে পিছিয়ে থাকার পর গতকাল দ্বিতীয় ইনিংসে ৮১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। আজ ইনিংস হার এড়ানোর জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল আরো অন্তত ১১৯ রানের। পঞ্চম দিনে বাংলাদেশের সেই রান করতে কতটা বেগ পেতে হয় সেই নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই অনিশ্চিয়তা দূর করে দলকে লিড এনে দেন দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও লিটন দাস। 
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। 
 
ইত্তেফাক/কেআই