মাশরাফি-বিজয় আবাহনীতে

২০১৭-১৮ ক্রিকেট মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আজ মাঠে গড়াচ্ছে। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটের নিয়ম অনুযায়ী দুই ক্লাবের সমঝোতায় খেলোয়াড় বদল করা যাবে। যে নিয়মের বড় সুযোগটা নিয়েছে আবাহনী লিমিটেড।
 
শাইনপুকুর থেকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দলে টেনেছে আবাহনী। খেলাঘর সমাজ কল্যাণ সমিতি থেকে এনামুল হক বিজয়কেও নিয়েছে দলটি। বদলি হিসেবে খেলাঘরে পাঠিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ডানহাতি পেসার হাসান মাহমুদকে। নিয়ম অনুসারে দুজন নিলেও বদলি হিসেবে দিতে হয় একজনকে।
 
আবাহনীর ক্লাবসূত্রে জানা গেছে, গতকালই মাশরাফি ও বিজয়ের নাম রেজিস্ট্রেশন করানো হয়েছে। খেলোয়াড় বদলের নিয়মের সুযোগ নিয়ে হওয়া উল্লেখযোগ্য ঘটনা এ দুটিই। আজ আবাহনীর হয়ে খেলবেন মাশরাফি। উমরাহ হজ করে গতকালই ঢাকায় ফেরার কথা তার। তাই আজ আবাহনীর নেতৃত্বে দেখা যাবে মাশরাফিকে। আবাহনীর বিদেশি ক্রিকেটারের একটি কোটায় খেলবেন ভারতের শচীন রানা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলবেন ভারতীয় অলরাউন্ডার রজত ভাটিয়া।
 
আজ লিগের উদ্বোধনী ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে গত আসরের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে প্রথম বিভাগ থেকে রানার্সআপ হয়ে উঠে আসা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। প্রথম রাউন্ডের প্রথম দিনে অপর দুটি ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে আবাহনী মুখোমুখি হবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। ফতুল্লায় প্রাইম দোলেশ্বর মাঠে নামবে প্রথম বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল নয়টায়।
 
এদিকে গতকাল মিরপুর স্টেডিয়ামে প্রথমবার ঘটা করে ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের অধিনায়করা উপস্থিত ছিলেন। সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, শুভাগত হোম, অলক কাপালি, নাদিফ চৌধুরী, ফরহাদ রেজা, মুক্তার আলী, মেহেদী মারুফ ও নাফিস ইকবালরা নিজেদের ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি রাজ্জাকের। ম্যাচের মাঝপথেই রাজ্জাককে ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ঢাকা টেস্টের দলেও থাকা হচ্ছে না অভিজ্ঞ এ বাঁহাতি স্পিনারের। তাই প্রিমিয়ার লিগেই মনোযোগী হচ্ছেন তিনি।
 
ইত্তেফাক/কেআই