জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, ভাষা আন্দোলন বাঙালিকে আত্মসম্মান নিয়ে বাঁচার শিক্ষা দিয়েছে। আজ সোমবার রাতে শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সের প্রথম মেস রজনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিসিএস প্রশাসন একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেক্টর সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের পরিচয় আমরা বাঙালি। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য কোনো জাতি আমাদের মতো আত্মত্যাগ করেনি। পৃথিবীর বুকে ভাষা আন্দোলনের বিশাল ইতিহাস হয়ে আছে। এই ইতিহাস সাবেক শিক্ষামন্ত্রী এস এইচকে সাদেক ইউনেস্কোর সাধারণ সভায় তুলে ধরেন। পরে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এখন মাতৃভাষা দিবস মানেই ২১ ফেব্রুয়ারি।
ইত্তেফাক/নূহু