বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠন। স্থানীয় সময় সোমবার এ বিক্ষোভ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, '৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারের সাজানো দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে। এর জের ধরে সরকার বিএনপির প্রায় সাতশ' নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।' তারা বলেন, 'বিএনপির সকল অঙ্গ সংগঠনের গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীর মুক্তি না দিলে বাংলাদেশ অচল করে দেয়া হবে বলে।'
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ থেকে নেতা-কর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানান স্লোগান দেয়।
ইত্তেফাক/এসএস