এক সময় এভারটনের দায়িত্ব পালন করা রোনাল্ড কোম্যান হল্যান্ড (ডাচ) জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে সোমবার স্থানীয় গণমাধ্যমে রিপোর্টে বলা হয়েছে। ফুটবল পাগল এই জাতি তাদের বর্তমান করুণ অবস্থা কাটিয়ে আগের মত সুদিনে ফিরতে বদ্ধ পরিকর।
ডাচ জাতীয় সংবাদ সংস্থা এএনপি’র রিপোর্টে বলা হয়, কোম্যান ডাচ জাতীয় একাদশের নতুন কোচ। নিজস্ব সুত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জায়ান, সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে কেএনভিবি।
৫৪ বছর বয়সী কোম্যান গত অক্টোবরে প্রিমিয়ার লীগের ক্লাব এভারটন থেকে চাকুরিচ্যুত হন। পরপর কয়েক ম্যাচে হেরে রেলিগেশন জোনে চলে যাওয়ায় তাকে বরখাস্ত করেছিল ইংলিশ ক্লাবটি। ব্যর্থতার পরিচয় দেয়া কোচ ডিক এডভোকেটের জায়গায় হল্যান্ড দলে স্থলাভিষিক্ত হবেন তিনি।
গত বছর মে মাসে তৃতীয়বারের মত ডাচ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন এডভোকেট। কিন্তু রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কমলাজার্সির দলকে পৌঁছে দিতে না পেরে ৭ মাস পর পদত্যাগ করেন তিনি। বাসস।
ইত্তেফাক/ রেজা