ঢাকা টেস্টে ৩৩৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১০০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪৯ রানের মধ্যেই দুই ওপেনার তামিম ইকবাল (২) ও ইমরুল কায়েস (১৭) সাজঘরে ফিরে যান। এরপর দুই উইকেটে ৫৭ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ দল।
বিরতির পর দ্বিতীয় সেশনের শুরুতেই হোঁচট খায় টাইগাররা। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক ফিরে যান হেরাথের বলে। উইকেটের পেছনে দিকবেলার হাতে ধরা পড়ার আগে ৪৭ বল থেকে তিনটি চারের মারে তিনি করেছেন ৩৩ রান। মুমিনুলকে অনুসরণ করে একে একে লিটন দাস (১২) ও মাহমুদউল্লাহ (৬)। প্রথম পাঁচ উইকেটের মধ্যে রঙ্গনা হেরাথ তিনটি এবং আকিলা ধনঞ্জয়া নেন দুটি উইকেট।
প্রথম ইনিংসে ১১২ রানের লিড নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা আজ শনিবার দ্বিতীয় ইনিংসে ২২৬ রান করে অলআউট হয়। তাই জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৩৯ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।
গতকাল ৮ উইকেটে ২০০ রান তুলে দিনশেষ করেছিল লঙ্কানরা। আজ সেখান থেকেই যাত্রা শুরু করেছেন দুই অপরাজিত ব্যাটসম্যান রোশান সিলভা ও সুরাঙ্গা লাকমাল। বাকি দুটি উইকেট হারিয়ে লঙ্কানরা আজ আরও ২৬ রান যোগ করতে সক্ষম হয়। লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে রোশান সিলভা ৭০ রান নিয়ে অপরাজিত থাকেন। আজ শেষ দুটি উইকেট নেন তাইজুল ইসলাম। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম চারটি, মুস্তাফিজুর রহমান তিনটি, মেহেদি হাসান মিরাজ দুটি এবং আব্দুর রাজ্জাক একটি করে উইকেট নেন।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১১০ রানে। প্রথম ইনিংসে ২২২ রান করা শ্রীলঙ্কা তাই লিড পায় ১১২ রানের। সেখান দ্বিতীয় ইনিংস শুরু করে ৮ উইকেটে ২০০ রান নিয়ে দিনশেষ করে শ্রীলঙ্কা। তাই গতকাল দিনশেষে তাদের লিড দাঁড়ায় ৩১২ রানের।
ইত্তেফাক/কেআই