বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চার সদস্যের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের (আইপিএ) কংগ্রেসে অংশ নিয়েছেন। ভারতের রাজধানী নয়া দিল্লিতে শনিবার থেকে পাঁচদিনব্যাপি ৩২তম আইপিএ কংগ্রেস শুরু হয়েছে।
কংগ্রেসে অংশগ্রহণকারী সমিতির সদস্যরা হলেন- সমিতির সিইও কামরুল হাসান, আন্তর্জাতিক পরিচালক বাংলাপ্রকাশ ও অমিকন পাবলিশিং হাউসের প্রকাশক ও প্রধান নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি কাজী শাহ আলম এবং জাগৃতি প্রকাশনীর প্রধান নির্বাহী রাজিয়া রহমান জলি।
জানা যায়, আধুনিক বিশ্বে প্রকাশনা শিল্পের সমস্যা, সম্ভাবনা, নতুন প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে আইপিএ দিকনির্দেশনা দিয়ে থাকে। বিভিন্ন দেশের প্রকাশকদের একত্র হওয়া, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময়ের পরামর্শ নিয়ে চার বছর পর বিশ্বের একটি নির্দিষ্ট দেশে সম্মেলন আয়োজন করে থাকে আইপিএ।
কংগ্রেসের প্রথমদিনে আধুনিক বিশ্বে প্রকাশনা শিল্পের চ্যালেঞ্জ ও প্রকাশকদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাক্ষরতা ও আজীবন শিক্ষা: তরুণ পাঠক উৎসাহিতকরণ, দ্বিতীয়দিনে পাইরেসির বিরুদ্ধে করণীয়, ডিজিটাল যুগে প্রকাশনার স্বাধীনতা, প্রকাশনা শিল্পের সুযোগ ও ঝুঁকি, তৃতীয়দিনে প্রকাশনার নব আবিষ্কার: সর্বশেষ প্রযুক্তি, নতুন ব্যবসায়িক মডেলসহ বিভিন্ন বিষয়ে সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হবে।
২০১৭ সালে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি সর্বশেষ কংগ্রেসে আইপিএর স্থায়ী সদস্যপদ লাভ করে।
ইত্তেফাক/আরকেজি