কর্ণফুলির তলদেশে পাইপলাইন স্থাপনের কাজ শেষ, ঢাকায় এলএনজি সরবরাহ শুরু শিগগিরই

চট্টগ্রামের পর এবার ঢাকায় সরবরাহ দেয়া হচ্ছে এলএনজি। ইতিমধ্যে আনোয়ারা থেকে ফৌজদারহাট পর্যন্ত সঞ্চালন লাইন স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। পাইপ লাইনের হাইড্রো টেস্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে। ফলে শিগগিরই ঢাকায় এলএনজি সরবরাহের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রথম দফায় ঢাকায় দৈনিক ২০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ দেয়া হবে। সাথে চট্টগ্রামে সাশ্রয়কৃত প্রাকৃতিক গ্যাসও ঢাকায় সরবরাহ হবে। এর ফলে ঢাকায় বিরাজমান শিল্প কারখানা ও বাসা-বাড়িতে গ্যাস সংকট নিরসন হবে।

চট্টগ্রামে এলএনজি সরবরাহের জন্য মহেশখালী থেকে আনোয়ারা পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের ৯১ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে। আর ঢাকার জন্য আনোয়ারা থেকে কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে ফৌজদারহাট পর্যন্ত ৪২ ইঞ্চি ব্যাসের ৩০ কিলোমিটার পাইপ লাইন স্থাপন হয়েছে। এখন ঢাকায় এলএনজি সরবরাহে আর কোন সমস্যা নেই। প্রকল্পের পরিচালক সুশীল কুমার সরকার ইত্তেফাককে বলেন, পাইপ লাইনের টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন এই পাইপ লাইন দিয়ে ঢাকায় এলএনজি  সরবরাহ করা যাবে।’ আরপিজিসিএল সূত্র জানায়, প্রথম দফায় আমদানিকৃত এলএনজি ইতিমধ্যে শেষ হয়েছে। এর পর দ্বিতীয় দফায় আমদানিকৃত এলএনজিবাহী জাহাজ মহেষখালীতে চলে এসেছে। বর্তমানে চট্টগ্রামে দৈনিক ৩১০/৩২০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ দেয়া হচ্ছে। এর বাইরে ৭০/৮০ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রীড থেকে সরবরাহ দেয়া হচ্ছে। ঢাকায়  ২০০ মিলিয়ন ঘনফুটসহ দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট  সরবরাহ দেয়া হলেও এলএনজি সরবরাহে  কোন সমস্যা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।