বন্দিদের ডিভিশন প্রাপ্তির বিষয়ে জেল কোডে যা বলা হয়েছে

দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিরা জেলা কোডের (কারাবিধি) বিধান মোতাবেক কারাগারে ডিভিশন পেয়ে থাকেন। সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে তিন ধরনের বন্দিরা ডিভিশন পয়ে থাকেন। যা জেল কোডের ৬১৭ বিধিতে উল্লেখ রয়েছে। এই বিধিতে বলা হয়েছে, (১) নাগরিকত্ব নির্বিশেষে নির্মোক্ত বন্দিগণ ডিভিশন-১ প্রাপ্তির যোগ্য হবেন-(ক) ‘যারা ভালো চরিত্রের অধিকারী ও অনভ্যাসগত অপরাধী; (খ) সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের এবং (গ) যারা নির্মোক্ত অপরাধে সাজাপ্রাপ্ত নয়-নৃশংসতা, নৈতিক স্খলন এবং ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা, সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধে সাজাপ্রাপ্ত নন বা অন্য কাউকে এসব অপরাধ করতে প্ররোচিত বা উত্তেজিত করেনি তারা ডিভিশন-১ প্রাপ্তির যোগ্য হবেন।
 
এছাড়া বিধি ৬১৭ (২)-এ বলা হয়েছে, ‘নাগরিকত্ব নির্বিশেষে সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে জীবনযাপনের ধরন উচ্চমানের বন্দিগণ ডিভিশন-২ প্রাপ্তির যোগ্য হবেন। অভ্যাসগত বন্দিগণ স্বয়ংক্রিয়ভাবে এই শ্রেণির বহির্ভূত হবে না, সরকারের অনুমোদন বা পুনর্বিবেচনার শর্তে শ্রেণি বিভাজনকারী কর্তৃপক্ষকে বন্দির চরিত্র এবং প্রাক পরিচিতির ভিত্তিতে এ শ্রেণিতে অন্তর্ভুক্তির জন্য ক্ষমতা দেওয়া হবে। যেসব বন্দি ডিভিশন ১ ও ২-এর অন্তর্ভুক্ত নয় তারা তৃতীয়টির অন্তর্ভুক্ত হবেন, যেখানে বলা হচ্ছে, আদালত কোনও বন্দিকে ডিভিশন ১ ও ডিভিশন ২ প্রদানের জন্য প্রাথমিক সুপারিশটি সরকারের অনুমোদন কিংবা পুনর্বিবেচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন এবং মন্ত্রণালয় সেটি অনুমোদন বা পুনর্বিবেচনা করবেন।
 
সরকারের নিকট প্রেরিত সুপারিশ অনিস্পন্ন থাকাবস্থায় সুপারিশকৃত যেসব সাজাপ্রাপ্ত বন্দির পূর্ববর্তী জীবনমান সাধারণের চেয়ে উন্নততর বলে ঘোষিত অথবা বিচারাধীন বন্দিকে ডিভিশন-১ বিচারাধীন বন্দির শ্রেণিভুক্ত করা হয়েছে, যদি তারা ভালো চরিত্রের অনভ্যাসগত অপরাধী হয় এবং অপরাধের ধরন হিসেবে ও অন্যান্য ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির ডিভিশন সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে বিবেচিত ঘোষিত হয় তারা সে সময় দ্বিতীয় শ্রেণির ডিভিশনপ্রাপ্ত বিবেচিত হবেন।
 
ইত্তেফাক/এমআই