গেতাফের বিপক্ষে পয়েন্ট হারালো বার্সেলোনা

 
গেতাফের বিপক্ষে লা লিগায় গোলশূন্য ড্র করে সমর্থকদের হতাশ করার পাশাপাশি পয়েন্ট হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা।
 
গত সপ্তাহে কাতালান ডার্বিতে এস্পানেয়লের সাথে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলের ড্র নিয়ে কোনো রকমে পরাজয় থেকে রক্ষা পেয়েছিল বার্সা। কিন্তু কাল গেতাফের দারুণ সংঘবদ্ধ দলের বিপক্ষে কোনোভাবেই পেরে উঠেনি কাতালান জায়ান্টরা। এই ম্যাচের মাধ্যমে আরেকবার গেতাফে প্রমাণ করেছে কেন তারা লীগে তৃতীয় সেরা রক্ষণভাগের রেকর্ড নিয়ে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।
 
২০১৮ সালে এখন পর্যন্ত আক্রমণভাগে নিজেকে প্রমাণ করতে না পারা লুইস সুয়ারেজ বিরতির ঠিক আগে লিওনেল মেসির ফ্রি-কিক থেকে দারুণ একটি গোল করেছিলেন। কিন্তু অফ-সাইডের কারণে সুয়ারেজের গোল উত্সব বেশীক্ষণ স্থায়ী হয়নি। এরপর স্টপেজ টাইমে আবারো উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারের হেড অসাধারণ ভঙ্গীমায় রুখে দেন গেতাফে গোলরক্ষক ভিসেন্টে গুয়াইটা। এর মাধ্যমে ২০১৬ সালের নভেম্বরের পরে ঘরের মাঠে প্রথম বারের মত লা লিগায় গোলহীন ভাবে ম্যাচ শেষ করলো বার্সা।
 
যদিও এরপরেও আর্নেস্টো ভালভার্দের দল ২৩ ম্যাচে অপরাজিত থেকে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে এখনো সাত পয়েন্ট এগিয়ে রয়েছে। এটাই বার্সেলোনার কোনো ম্যাচে পরাজিত না হয়ে লীগে সবচেয়ে দীর্ঘ যাত্রা। শনিবার মালাগার বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়ে এ্যাথলেটিকো দারুনভাগে শিরোপা দৌড়ে টিকে আছে। আগামী তিন সপ্তাহের মধ্যে ন্যু ক্যাম্প সফরে যাবে দিয়েগো সিমিয়োনের দল।
 
কালকের ম্যাচ শেষে ভালভার্দে বলেছেন, ‘আমরা ঘরের মাঠে ড্র করতে একদম পছন্দ করিনা। কিন্তু এটাই ফুটবল। আমাদের প্রতিপক্ষ রক্ষনভাগে দুর্দান্ত খেলেছে। আর সে কারনেই আমরা গোল করতে পারিনি। আমাদের মাঠে গোল করতে না পারাটা কিছুটা বিস্ময়কর।’
 

ইত্তেফাক/এএম