অন্ধ কল্যাণ সংস্থার মহাসচিব হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ডাদেশ

রাজধানীর শাহআলীবাগে জনতা হাউজিংয়ে জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার প্রাক্তন মহাসচিব খলিলুর রহমান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডাদেশ ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ সোমবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রমজান আলী ওরফে রমজান (পলাতক) ও টিপু ওরফে হীরা।
 
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মিনহাজ, হাসানুর রহমান রুবেল (পলাতক), শহীদ মোস্তফা ও জাহিদুল ইসলাম ওরফে জাহিদ।
 
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
 
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আইয়ুব আলী, নুরুল আলম সিদ্দিক, মো. সোহাগ হোসেন হাওলাদার ও ইয়াকুব আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।
 
মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামিরা এবং ভুক্তভোগীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১১ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় বিরোধ মিমাংসার কথা বলে খলিলুর রহমানকে আসামি ইয়াকুব আলীর শাহআলীবাগ জনতা হাউজিংয়ের ৩৩ নম্বর বাড়িতে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর আইয়ুব আলী ও মিনহাজ গ্রুপের লোকজন খলিলুর রহমানকে গুলি করেছে বলে তার সহকারী শুভ দৌড়ে এসে খলিলুর রহমানের স্ত্রী মোসা. হাসিনা পারভীনকে জানান। পরে খলিলুর রহমানের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় খলিলুর রহমানের স্ত্রী বাদী হয়ে মিরপুর থানায় মামলাটি দায়ের করেন।
 
ইত্তেফাক/কেকে