করাচির মাঠের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আইসিসি

চলতি বছর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচ আয়োজনের ক্ষেত্রে করাচির মাঠের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটির নিরাপত্তা পরামর্শক ডিকেসন ওই মাঠ পরিদর্শন শেষে একথা জানান। গত বছর লাহোরে পিএসএল ফাইনাল আয়োজনের পর এবার করাচিতে ফাইনাল খেলানোর চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 
 
ডিকেসন জানান, যেভাবে সকল নিরাপত্তা সংস্থাসমূহ বিষয়গুলো উপস্থাপন করেছে তাতে আমি সন্তুষ্ট। এই প্রক্রিয়ার সঙ্গে পিসিবির নিরাপত্তা বিভাগ ও চেয়ারম্যান নজম শেঠিও ছিলেন। এটা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। আইসিসির এই কর্মকর্তাকে খেলোয়াড়দের যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা; যার মধ্যে রয়েছে বিমান বন্দর থেকে হোটেল পর্যন্ত পথ, হোটেল থেকে মাঠ ও মাঠ থেকে পুনরায় হোটেলে ফিরে যাওয়া পর্যন্ত পথে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে তা দেখানো হয়। এসব বিষয় দেখার পর তিনি বলেন, পিসিবি ও আইসিসিকে যে প্রতিবেদন দেব, এর প্রতিফলন থাকবে। আগামী সাত দিনের মধ্যে তিনি এ বিষয়ে প্রতিবেদন দেবেন বলে জানা যায়।  
 
গত বছর বিশ্ব একাদশের পাকিস্তান সফর এবং এরপর শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হয়। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর লাহোরে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ আগে দুদলের মধ্যে করাচিতে একটি টেস্ট অনুষ্ঠিত হয়। সেটিই ছিল ওই মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ। এবার পিএসএল ফাইনাল ওই মাঠে হলে ভবিষ্যতে সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পথ খুলবে।  
 
ইত্তেফাক/কেআই