প্রতীক বরাদ্দের পরদিন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে প্রতীক বরাদ্দের পরদিন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতির সামনে ইশতেহার ঘোষণা করবেন। এরপর থেকে ইশতেহার সবার জন্য উন্মুক্ত হবে।  গতকাল শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য এবং ইশতেহার উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।

ইশতেহারের মূল লক্ষ্য তুলে ধরে আব্দুর রাজ্জাক বলেন, ইশতেহারের মূল লক্ষ্য হবে উন্নয়নের মহাসড়কের গতিকে আরো বেগবান করতে চাই, ত্বরান্বিত করতে চাই। ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধিকে আরো বৃদ্ধি করতে হবে। আমরা দারিদ্র্য বিমোচন করেছি, দারিদ্র্যতাকে আরো কমাতে চাই। বিদ্যুত্, শিক্ষা, স্বাস্থ্যে আরো কৌশলী হওয়ার কথা থাকবে ইশতেহারে। আগামীতে আমাদের চ্যালেঞ্জ হবে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য নিশ্চিত করা। দুর্নীতির ব্যাপারে কি কৌশল হবে, আধুনিক পুলিশ, জনহিতৈষী, জনদরদী, জনবান্ধব, কি ধরনের পুলিশ বাহিনী হবে সেটা আমরা বলার চেষ্টা করব।

সাবেক খাদ্যমন্ত্রী বলেন, জনগণের সামনে নির্বাচনের আগে ইশতেহার নিয়ে যাব। হক, ভাসানী, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা নিয়ে আমরা জনগণের সামনে যাব।