আশরাফুলের সেঞ্চুরির দিনে নায়ক লিটন

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নয় বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার খড়গ কাটিয়ে গত বছর ফিরেছিলেন প্রিমিয়ার লিগে। কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেননি। তবে তৃতীয় ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলেন জাতীয় দলের এক সময়ের জনপ্রিয় এই ব্যাটসম্যান। তবে সেঞ্চুরি সত্ত্বেও প্রাইম দোলেশ্বরের বিপক্ষে তার দল কলাবাগান ক্রীড়াচক্র ম্যাচে হেরে গেছে ৮ উইকেটের ব্যবধানে। 
 
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আশরাফুল-তাইবুরের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৯০ রান করে কলাবাগান। আশরাফুল ১৩১ বলে ১১টি চারের মারে ১০৪ রান করেন। অপরদিকে ১০৯ বলে নয়টি চার ও তিনটি ছক্কার মারে তাইবুর করেন ১১৪ রান। এছাড়া ১৬ বল থেকে দুটি চার ও তিনটি ছক্কার মারে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন মুক্তার আলী। 
 
জবাব দিতে নেমে লিটন দাসের ১৪৩ রানের হার না মানা দুর্দান্ত ব্যাটিংয়ে দোলেশ্বর ৪৫ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। ১২৩ বল থেকে ১৪টি চার ও তিনটি ছক্কার মারে এ রান করেন তিনি। এছাড়া মার্শাল আইয়ুব ৯১ ও ইমতিয়াজ হোসেন ৪০ রান করেন। 
 
ইত্তেফাক/কেআই