কুমিল্লায় আবদুস সালাম নামে এক বিএনপি নেতার বাড়িতে হেলমেট পরা দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই নেতার স্ত্রী, ভাই মেয়েসহ পরিবারের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। গত শুক্রবার রাতে জেলার লাকসাম উপজেলার আজগরা ইউপির চরবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আবদুস সালাম ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
আবদুস সালাম ও তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা জানান, শুক্রবার রাতে প্রায় অর্ধশত মোটরসাইকেল ও চারটি পিকআপ নিয়ে হেলমেট পরা একদল যুবক দেশিয় অস্ত্রসহ সালামের বাড়িতে হামলা চালায়। তারা সালামের ঘরের ভেতর ঢুকে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। তারা সালামের স্ত্রী কুলসুম, ভাই সাবেক মেম্বার আবুল হাশেম, বোন রওশনারা, মেয়ে সালমা আক্তার রিয়া, ভাগিনা রিপন, পাশের বাড়ির আলমগীর ও নেজাম উদ্দিনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে দুর্বৃত্তরা তাদের ঘরের ধানের গোলায় আগুন ধরিয়ে দেয়।
সালামের স্ত্রী কুলসুম বলেন, ‘হামলাকারীরা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা নিয়ে যাওয়াসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি করেছে। বাঁধা দিতে গেলে আমাকে এবং ঘরে থাকা সকলকে মারধর করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিত্সার ব্যবস্থা করে।
লাকসাম থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।