কর্মবিরতিতে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরকে মারধর করে উল্টো কর্মবিরতি শুরু করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টা থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন। একসাথে সকল ইন্টার্ন চিকিৎসক তাদের ডিউটি ছেড়ে দিয়েছেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন।
 
কর্মবিরতির সত্যতা নিশ্চিত করেছেন রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. কামাল। তিনি  বলেন, গত রাতেই ওই ঘটনার সমঝোতা হয়ে গিয়েছিল। নিজ শিক্ষককে মারধরের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তাই ইন্টার্ন চিকিৎসকরারাও কর্মবিরতি ঘোষণা করেছে। পরবর্তী পদক্ষেপ পরে জানানো হবে।
 
তিনি আরো জানান, বুধবার রাতে ৩০নং ওয়ার্ডে রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহির ইন্টার্ন চিকিৎসক পিংকিকে ধাক্কা দেন। এতে ওই ইন্টার্ন চিকিৎসক প্রতিবাদ জানালে শিক্ষক জহির তাকে গালি দেন। পিংকি বিষয়টি সবাইকে জানান।
 
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান বলেন, তারা এখনো কর্মবিরতিতে যাননি। বিষয়টি আমি দেখছি।
 
এদিকে, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের মূল গেটে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে। তারা দোষী ইন্টার্ন চিকিৎসককে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
 
খবর পেয়ে মতিহার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। শতশত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। এ ঘটনায় শিক্ষার্থীসহ সচেতন মহলের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি