শেষ পর্যন্ত মুস্তাফিজের শিকার কুশল মেন্ডিস

শ্রীলঙ্কার ইনিংসের মূল কারিগর কুশল মেন্ডিসকে শেষ পর্যন্ত সাজঘরে পাঠিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ১৭তম ওভারের তৃতীয় বলে মেহেদি হাসানের হাতে ধরা পড়েন তিনি। তবে আউট হওয়ার আগেই মেন্ডিস ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৪২ বল থেকে ছয়টি চার ও তিনটি ছক্কার মারে এ রান করেন তিনি।
 
এর আগে ওয়ানডাউনে নামা থিসারা পেরেরার উইকেট পান এই ম্যাচে অভিষিক্ত হওয়া বোলার আবু জায়েদ চৌধুরী। আউট হওয়ার আগে ১৭ বল থেকে করেছেন ৩১ রান। অপরদিকে দলীয় ৯৮ রানে সৌম্য সরকারের বলে ওপেনার গুনাথিলাকা আউট হন।
 
১৬ ওভারের খেলা শেষে শ্রীলঙ্কার স্কোর দুই উইকেটে ১৫৮ রান। ৪০ বল থেকে ৬৯ রান করেছেন মেন্ডিস। ১৭ ওভারের খেলা শেষ পর্যন্ত শ্রীলঙ্কা করেছে তিন উইকেটে ১৬১ রান। 
 
আজ রবিবার বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিং করছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয়েছে ম্যাচটি। এই মাঠে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে।  
 
গত ১৫ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। সিরিজে হার এড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই এই ম্যাচে জিততে হবে। 
 
ইত্তেফাক/কেআই