চেলসির বিপক্ষে আজ কি করবেন মেসি?

ভিন গ্রহের ফুটবলার লিওনেল মেসি। বার্সায় রেকর্ড যেন সবসময় তার পেছনেই ঘুরে। লা লিগায় ২০ গোল করে এবারও শীর্ষে রয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে ৯৭ গোল হয়ে গিয়েছে মেসির। কিন্তু সেই মেসিই কি না চেলসির বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোনো গোলের দেখা পাননি। অথচ দলটির বিপক্ষে এ পর্যন্ত আটটি ম্যাচে ৬৫৫ মিনিট খেলেছেন। অতীতের সেই রেকর্ড আজ ঘুচানোর সুযোগ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে আজ রাত পৌনে দুইটায় স্টামফোর্ড ব্রিজে অতিথি হয়ে এই ইংলিশ ক্লাবটিকে মোকাবেলা করবে বার্সা। 
 
শেষ বার চ্যাম্পিয়ন্স লিগে দু’দল মুখোমুখি হয়েছিল ২০১২ সালে। সেই সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় পর্বে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চেলসি বিজয়োৎসব করেছিল। এই ম্যাচেও কি দলটি সেই ধারায় থাকবে? সংবাদ সম্মেলনে চেলসি কোচ সেই প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ‘হয়তো এ বারও রেকর্ডটা ভাঙবে না। কিন্তু মনে রাখবেন, বিশ্বের সেরা ফুটবলার এবং অন্যতম সেরা টিমের বিরুদ্ধে ম্যাচটা খেলতে যাচ্ছি। আর মেসিকে নিষ্প্রভ করতে গেলে কোনও এক জনকে দিয়ে মার্কিং করিয়ে কাজ নেই। এ রকম পরিস্থিতিতে ও আরও ভয়ঙ্কর। মেসিকে আটকাতে গেলে পুরো দলকে দায়িত্ব নিতে হবে।’ 
 
চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে ইউরোপের এই দুই  দল। সেখানেও ৪-৩ এগিয়ে চেলসি। ড্র পাঁচবার। যদিও এই পরিসংখ্যানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বার্সেলোনার প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার রিভালদো। তিনি বলেন, ‘এবার চেলসির চেয়ে অনেক ভাল দল বার্সেলোনা। তাই ফেভারিট মেসি-সুয়ারেজরা।’ বার্সালোনার গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইভান রাকিতিচ হিথরো বিমানবন্দরে পা দিয়েই বলছেন, ‘ম্যাচের গতিটা নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের মাঝমাঠকে। মোট কথা, ওদের চাপে রাখতে হবে। ওদের দলে এমন কিছু ফুটবলার রয়েছে, যারা জানে লা লিগা এবং বার্সেলোনার গতিপ্রকৃতি।’
 
জবাবে চেলসির স্প্যানিশ ফুটবলার ফ্যাব্রিগাস বলছেন, ‘জানি, ওরা শুরুতেই ধাক্কা দেবে। মেসিদের সেই আক্রমণের ঝড়টা সামলে দিতে পারলেই, ম্যাচটা আমাদের দিকে চলে আসবে। আর আসল লোক তো আন্দ্রেস ইনিয়েস্তা। ওকে ধরে নিতে পারলে বার্সেলোনা রক্ষণের ফাঁকা জায়গাগুলো আমরা কাজে লাগাতে পারব।’
 
তারকাখচিত এই ম্যাচে চিন্তিত দু’দলের রক্ষণ ভাগের খেলোয়াড়রাই। চেলসি রক্ষণকে যেমন ভাবতে হচ্ছে, মেসি-সুয়ারেজ-বুসকেটস চতুর্ভূজকে। ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে রয়েছেন ওসুমানে দেম্বেলে। তেমনই বার্সেলোনার জেরার পিকে-জর্ডি আলবারা ছক কষছেন আলভারো মোরাতা-এডেন হ্যাজার্ড যুগলবন্দিকে বোতলবন্দি করার জন্য। ডিফেন্ডার পিকে বলেন, ‘কঠিন এই ম্যাচটায় আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে নামতে হবে আমাদের। একটা ভুল মানেই খারাপ ফল হতে পারে। তা হলে গোটা মৌসুমের ভাল পারফরম্যান্সের গুরুত্ব থাকবে না।’
 
ইত্তেফাক/কেআই