নৌকার প্রার্থীদের বিজয়ী করতে প্রতিনিয়ত গোপন বৈঠক চলছে

পুলিশ ও প্রশাসনের কিছু দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ তুলে বিএনপি বলেছে, নৌকার প্রার্থীদের বিজয়ী করতে পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতিনিয়ত গোপন বৈঠক চলছে। প্রশাসন ও পুলিশের ‘বিতর্কিত ও দলবাজ’ কর্মকর্তারা আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসানোর জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছেন। গতকাল শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের এজেন্ডা নির্বাচন কমিশন কখনো প্রকাশ্যে, কখনো নীরবে-নিভৃতে বাস্তবায়ন করছে, এই অভিযোগ এখন সর্বত্র। কিন্তু নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে অভিযোগ নিরসন করতে সক্ষম হয়নি। কমিশন ক্ষমতাসীনদের স্বার্থে কাজ করছে।’ তিনি বলেন,‘ বিতর্কিত নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী কর্মকাণ্ড থেকে সরাতে হবে এবং গুরুত্বপূর্ণ পদ থেকে তাদের প্রত্যাহার করতে হবে।’

রিজভী বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী সাবেক সংসদ সদস্য। এ জন্য তিনি কারাগারে কারাবিধি অনুযায়ী ডিভিশন পাওয়ার যোগ্য। কিন্তু তাকে আটক করার পর প্রথমে ডিভিশন দেওয়া হলেও গতকাল তা বাতিল করে সাধারণ কয়েদিদের সঙ্গে আমদানি ওয়ার্ডে রাখা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যই আইনি প্রক্রিয়ার নামে বারবার হয়রানি করা হচ্ছে। হাইকোর্ট থেকে জামিন লাভ করার পরও সেই আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে সরকারপক্ষ। উদ্দেশ্য টুকুকে আটকিয়ে রাখা, যাতে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন। রমনা থানা ছাত্রদল নেতা মো. জুয়েল রানাকে ২১ নভেম্বর কুড়িল বিশ্বরোড থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার পরিবারসহ দলের নেতাকর্মীরা চরম উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে। অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করে তার পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। খিলক্ষেত থানার ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হক ভূঁইয়াকে গতকাল সকালে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।’

তিনি বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ উঠান বৈঠকে আওয়ামী লীগের হামলা হলেও উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই সকল বানোয়াট ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করছি। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি বন্ধেরও জোর দাবি জানান তিনি।’