দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে দুই নতুন মুখ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাকা হয়েছে দুই নতুন মুখ উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেইনরিক ক্লাসেন ও অলরাউন্ডার উইয়ান মুলডারকে। আসন্ন এই টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন অল রাউন্ডার ক্রিস মরিস ও আন্ডেলি ফেলুকুয়ায়ো এবং ফাস্ট বোলার ডুয়ানে অলিভার। ভারতের বিপক্ষে টেস্ট দলে এই তিনজনই ছিলেন। 
 
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে, টি২০ সিরিজ থেকে ছিটকে পড়া ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স ও টেম্বা বাভুমা আবারো টেস্ট দলে ফিরেছেন। তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়া ফাস্ট বোলার ডেল স্টেইন এখনো বিশ্রামে রয়েছেন। গত বছর মার্চে নিউজিল্যান্ড সফরে ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে ক্লাসেন দলে থাকলেও কোন ম্যাচ খেলার সুযোগ পানননি। দক্ষিণ আফ্রিকার প্রথম বিভাগ প্রতিযোগিতায় টাইটান্সের হয়ে ২০১৭-১৮ সানফয়েল সিরিজে ক্লাসেনের ব্যাট থেকে ৪৮.৬৬ গড়ে এসেছে ২৯২ রান। ভারতের বিপক্ষে জোহানেসবার্গে ওয়ানডে ও সেঞ্চুরিয়ানের টি২০তে তিনি ম্যাচ জয়ী ইনিংস উপহার দিয়েছিলেন। 
 
এদিকে ২০ বছর বয়সী মুলডার সেপ্টেম্বরের শেষে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকান কোচ হিসেবে ওটিস গিবসন নিয়োগ পাবার পর থেকেই মুলডারের ব্যপারে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। সানফয়েল সিরিজে লায়ন্সের হয়ে তার ব্যাটিং গড় ছিল ৬১.৬৬। নয় ইনিংসে তিনি করেছেন ৩৭০ রান। গত বছর বাংলাদেশের বিপক্ষে তিনি ওয়ানডে দলে খেলেছেন। 
 
স্কোয়াড : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থেউনিস ডি ব্রুয়েন, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, হেনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, উইয়ান মুলডার, লুনগিসানি এনগিদি, ভারনন ফিলান্ডার ও কাগিসো রাবাদা।
 
ইত্তেফাক/কেআই