পাকিস্তান সুপার লিগে অভিষেক ম্যাচেই দ্যুতি ছড়ালেন কাটার মাস্টারখ্যাত মুস্তাফিজুর রহমান। মুলতান সুলতানসের বিপক্ষে লাহোর কালান্ডার্সের হয়ে দারুণ বোলিং করেছেন তিনি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ।
তরুণ এই বাংলাদেশি পেসারের নৈপুণ্য সত্ত্বেও ৫ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ গড়ে মুলতান। জবাবে মুস্তাফিজের দল কালান্ডার্স ১৭.২ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায়। ফলে মুলতান জয় পায় ৪৩ রানে।
১৩ ওভারে কুমার সাঙ্গাকারা ও আহমেদ শেহজাদের উদ্বোধনী জুটি তুলে ফেলে ৮৮ রান। বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙতে একাদশ ওভারে মুস্তাফিজকে আক্রমণে ফেরান ম্যাককালাম। প্রথম বলেই তার বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান শেহজাদ।
সাঙ্গাকারা ও শোয়েব মালিকের ব্যাটে স্রোতের মতো আসছিল রান। তাদের থামাতে ১৭তম ওভারে আবার মুস্তাফিজকে আক্রমণে ফেরান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। নিজের তৃতীয় ওভারে ১০ রান দিয়ে সাঙ্গাকারার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মুস্তাফিজ।
মুলতানের ৪৩ রানের জয়ে বড় অবদান জুনায়েদ খান ও ইমরান তাহিরের। এই দুজনের দুর্দান্ত নৈপুণ্যে মাত্র ৪ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় লাহোর। হ্যাটট্রিক করেন বাঁহাতি পেসার জুনায়েদ। তিনি ২৪ রানে নেন ৩ উইকেট। লেগ স্পিনার তাহির ৩ উইকেট নেন ২৭ রানে। দুটি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান ও কাইরন পোলার্ড।
ইত্তেফাক/কেআই