দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এখনও দেশে ফেরেনি ভারত দল। এর মধ্যেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। যেই দলে সিনিয়র বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে। তাই চমক হিসেবে ওঠে এসেছে বেশ কয়েকটি নতুন মুখ। মার্চ থেকে শুরু হবে এই সিরিজ।
শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহলিকে। তার পরিবর্তে এই টুর্নামেন্টে ভারত দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা। আর তার সহকারি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে শিখর ধাওয়ানকে। শুধু কোহলি নন, বিশ্রাম দেয়া হয়েছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেও। পাশাপাশি ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং হার্দিক পাণ্ডেও থাকছেন না এই সিরিজে। লাগাতার ম্যাচে যাতে ক্লান্তি না আসে সেই কারণেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ।
দলের নিয়মিত ক্রিকেটারদের বিশ্রামে পাঠানোয় জাতীয় দলের দরজা খুলে গিয়েছে অনেক তরুণ ক্রিকেটারের জন্য। কুলদীপ-বুমরা-ভুবিদের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন দীপক হুদা, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর ও মুহাম্মদ সিরাজ। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ঋষভ পান্তও।
আগামী ৬ মার্চ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। আগামী ১৮ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), কেএল রাহুল, সুরেশ রায়না, মনীশ পাণ্ডে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), দীপক হুদা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষয় প্যাটেল, বিজয় শঙ্কর, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাত, মুহম্মদ সিরাজ ও ঋষভ পান্ত (উইকেটরক্ষক)।
ইত্তেফাক/কেআই