বিআইডব্লিউটিএ’র গুদামে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু

শহরের খানপুরে বরফকল এলাকায় অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর গুদামে সৃৃৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নৌ-মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ থেকে গঠিত পৃথক দুটি তদন্ত কমিটি। গতকাল শনিবার সকাল থেকে বিকেল অবধি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (নিরীক্ষা) মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটি। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বিআইডব্লিউটিএ ও নৌ-মন্ত্রণালয় থেকে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুটি কমিটিকেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নৌ-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: শাহাদাত্ হোসেনকে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে বিআইডব্লিউটিএ’র পরিচালক (নিরীক্ষা) মোঃ সিদ্দিকুর রহমানকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে রয়েছেন বন্দর ও পরিচালক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোহাম্মদ, প্রকৌশল (পুর) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাজেদুর রহমান, ক্রয় ও সংরক্ষণ বিভাগের উপ-পরিচালক বজলুর রহমানসহ মোট ৭ জন। এদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী বিআইডব্লিউটিএ’র ৭ সদস্যের তদন্ত কমিটির সঙ্গে কথা বলতে চাইলে তারা তদন্তের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। বিআইডব্লিউটিএ’র গোডাউনের ইনচার্জ সাহাবুদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকাল থেকে বিকেল অবধি ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন বিআইডব্লিউটিএ’র ৭ সদস্যের তদন্ত কমিটি। এর পাশাপাশি কি পরিমাণ ফ্লোটিং বা শ্যোর পাইপ ও ফ্লোটার পাইপ পুড়েছে তা নিরূপণ করার কাজ চলছে।