ইনজুরড নেইমারের বিষয়ে আশাবাদী পিএসজি কোচ

 
চ্যাম্পিয়ন্স লীগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলের তারকা খেলোয়াড় নেইমার সুস্থ হবেন বলে আশাবাদী প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ উনাই এমেরি।
 
গতকাল রোববার মার্সেইয়ের বিপক্ষে লীগ ওয়ানের ম্যাচে অংশ নেয়ার সময় পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে পিএসজি। প্রাক ডেস প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের ফলে লীগে ১৪ পয়েন্টের লিডে পৌঁছে গেছে প্যারিস জায়ান্টরা। তবে ওই ম্যাচ শেষ হবার ১০ মিনিট আগে পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। পায়ে ব্যথার তীব্রতা এতো বেশী ছিল যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ২৬ বছর বয়সী তারকাকে।
 
খেলা শেষে পিএসজি বস বলেন, ‘নেইমারের পায়ে প্রাথমিক পরীক্ষায় মনে হয়েছে এটি সামান্য মচকানোর ঘটনা। তবে এখন আমরা ডাক্তারি পরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করছি সেটি মচকানোর ঘটনা, নাকি অন্য কিছু।’
 
আগামী ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর ফিরতি লেগের হোম ম্যাচে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে পিএসজি। রিয়ালের মাঠে প্রথম লেগের ম্যাচে স্বাগতিক দলের কাছে ৩-১ গোলে হেরে এসেছে ফরাসি জায়ান্টরা। এমেরি বলেন, ‘আমরা পরীক্ষার জন্য অপেক্ষা করবো। তবে রিয়ালের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে তার দলে ফেরার ব্যাপারে আমি আশাবাদী।’
 
পিএসজির অধিনায়ক থিয়েগো সিলভা চ্যানেল প্লাসকে বলেন, ‘নেইমারের পায়ের গোড়ালি ইতোমধ্যে ফুলে গেছে। আমি ডাক্তার নই। তবে আমার মনে হয় না আগামী বুধবার ফ্রেঞ্চ কাপে মার্সেই’র বিপক্ষে তাকে পাওয়া যাবে। তার বিশ্রামের প্রয়োজন।’
 
নেইমারের ইনজুরির ঘটনাটি ছাড়া রোববার অনুষ্ঠিত ‘ফ্রেঞ্চ ক্লাসিক’ ম্যাচটি বেশ সহজভাবেই জিতেছে পিএসজি। টিনএইজ তারকা কিলিয়ান এমবাপের গোলে শুরুতে লীড পায় স্বাগতিক দল। ক্লাসিকে এটিই তার প্রথম গোল। দলের উরুগুইয়ান গোল মেশিন এডিনসন কাভানিও নাম লিখিয়েছেন স্কোর শিটে। ম্যাচের অপর আত্মঘাতি গোলে জেড়ালো ভূমিকা ছিল নেইমারের। যদিও ২৭তম মিনিটের গোলটি রোলান্ডোর আত্মঘাতি গোল হিসেবে ঠাঁই পেয়েছে।
 
আগের দিন শনিবার মোনাকো ৩-৩ গোলে তুলসের সঙ্গে এবং লিয়ঁ স্থানীয় প্রতিপক্ষ সেন্ট এতিয়েনির সঙ্গে ১-১ গোলে ড্র করায় এখন পিএসজির শিরোপা জয়ের পথে আর কোন নিকটতম প্রতিদ্বন্দ্বী রইলো না। লীগে ২৭ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট সংগ্রহ করেছে টেবিলের শীর্ষে থাকা পিএসজি। টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা মোনাকোর সংগ্রহ মাত্র ৫৭ পয়েন্ট। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মার্সেই। বাসস।
 
ইত্তেফাক/ রেজা