নগরীর যেকোন ব্যক্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হটলাইনে কল করলে ২৪ ঘণ্টার মধ্যে ওই স্থানে মশার ওষুধ ছিটানো হবে। ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে মশার উপদ্রব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে ডিএনসিসি একটি হটলাইন চালু করেছে। হটলাইনটির নম্বর হচ্ছে- ০১৯৩২৬৬৫৫৪৪।
ডিএনসিসির আওতাধীন যে কোন এলাকায় মশার ওষুধ ছিটানোর জন্য বুধবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নম্বরে যে কেউ কল করতে পারবেন। গত ২৫ ফেব্রুয়ারি ডিএনসিসির নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
তাছাড়া গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান মশক নিধন ক্রাশ কর্মসূচির মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। প্রয়োজনবোধে ক্রাশ কর্মসূচির মেয়াদ আরো বাড়ানো হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, সাধারণত প্রতিদিন যে পরিমাণ মশার ওষুধ ছিটানো হয় ক্রাশ কর্মসূচি চলাকালে তার দ্বিগুণ ওষুধ ছিটানো হয়। ওষুধ ঠিকমত ছিটানো হচ্ছে কিনা তা মনিটরিং এর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেয়া হয়েছে। বাসস।
ইত্তেফাক/এমআই