নববর্ষের দিন বন্ধুদের সঙ্গে একটি অভিজাত হোটেলে খেতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন কুমিল্লা নগরীর মডার্ণ হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ওয়ালিউর রহমান রিমেল। রবিবার দুপুরে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি অভিজাত হোটেলে খাবার খেতে গিয়ে ট্রাক চাপায় নিহত হন রিমেল। সব আইনি প্রক্রিয়া শেষে সোমবার নগরীর টমছমব্রিজ কবরস্থানে রিমেলের মরদেহ দাফন করা হয়। জানাজায় স্কুলের শিক্ষক ও তার সহপাঠিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
নিহত রিমেল নগরীর থমছমব্রিজ এলাকার বাসিন্দা ও ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা রেজানুর রহমানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে রিমেল ছিল বড়। ছোট ভাই হিমেল কুমিল্লা জিলা স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকের চালক ও হেলপারকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নববর্ষের উদযাপনে মডার্ণ হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র রিমেলসহ আরও কয়েকজন সহপাঠি ৮ থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পদুয়ার বাজার এলাকার একটি হোটেলে খাবার খেতে গিয়েছিল। কিন্তু এ সময় উল্টো পথে আসা একটি ট্রাকের ধাক্কায় রিমেলসহ তার অপর দুই সহপাঠি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার রিমেলকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় আহত অপর সহপাঠি জাবির ও সাকিনকে নগরীর দুটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রিমেলের বাবা রেজানুর রহমান জানান, 'স্কুলের বাণিজ্য বিভাগে সে বরাবরই ভাল ফল করতো, আমার আশা ছিল তাকে কমার্স লাইনে উচ্চ শিক্ষিত করবো। এছাড়াও রিমেল ভাল ক্রিকেট খেলতো, ক্রিকেট নিয়ে সে অনেক স্বপ্ন দেখতো। কিন্তু উল্টো পথে আসা ট্রাক আমার ও ছেলের সব স্বপ্ন ভেঙ্গে দিয়েছে'।
আরও পড়ুন: সাভারে অভ্যন্তরীণ কোন্দলে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সদর দক্ষিণ মডেল থানার এসআই সাহিদুল ইসলাম মোল্লা জানান, 'মহাসড়কের পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের কাছে একটি ট্রাক উল্টো পথে যাচ্ছিল। তখন ১০ থেকে ১১টি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসছিল। এ সময় ট্রাকটির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির তিন আরোহী আহত হয়। তাদের মধ্যে রিমেল হাসপাতালে নেওয়ার পর মারা যায়। অপর আহত জাবির ও সাকিনকে নগরীর দুটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ট্রাকটিকে ভাংচুর করেছে শিক্ষার্থীরা। পালিয়ে যাওয়া চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। মডার্ণ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক জীবন দেবনাথ জানান, রিমেল আমাদের প্রিয় ও মেধাবী ছাত্র ছিল, সে খুব ভাল ক্রিকেট খেলতো। তিনি দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক চালককে অবিলম্বে গ্রেফতারসহ বিচার দাবি করেন'।
ইত্তেফাক/জেডএইচডি