রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পঞ্চমবারের মতো চাকরি মেলা আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
ক্যারিয়ার ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে বক্তব্য দেন, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, রাবির সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শুধু খাতা-কলমের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যারিয়ার বিষয়ক সংগঠন প্রতিটি প্রতিষ্ঠানে গড়ে উঠলে শিক্ষার্থীদের কোটা সংকটে পড়তে হবে না। এসব সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধাকে বিভিন্ন সৃজনশীল কাজে লাগাতে শিখবে। আর এর মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে পারবে।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহিনুর আহমেদ শাকিল জানান, 'মেলায় মোট ২৬টি কোম্পানি অংশগ্রহণ করেছে। মেলা চলাকালে প্রত্যেকটি কোম্পানি চাকরি প্রত্যাশীদের থেকে সিভি সংগ্রহ করবে। আগামীকাল সিভি বাছাই শেষে তারা যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। এছাড়াও মেলায় ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ১১টি সেমিনার অনুষ্ঠিত হবে।'
ইত্তেফাক/এসএস