বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন এর বার্তা প্রধান মোস্তফা ফিরোজ দিপু এবং চেঞ্জ মেকারস এনজিওর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও তানভীর উল ইসলাম সিদ্দিকীকে সংবর্ধনা দেয়া হয়েছে পর্তুগালে। পর্তুগালে বাংলাদেশিদের অন্যতম রেজিস্টার্ড সংগঠন পর্তুগাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আয়োজন করা এই সংবর্ধনা অনুষ্ঠানের।
সম্প্রতি দুই দিনের সংক্ষিপ্ত সফরে পর্তুগালে আসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন এর বার্তা প্রধান মোস্তফা ফিরোজ দিপু এবং চেঞ্জ মেকারস এনজিওর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও তানভীর উল ইসলাম সিদ্দিকী। এর আগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার দ্বাদশ নির্বাহী কমিটির সভায় অংশগ্রহণ করেন তারা।
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশী অধ্যুষিত এলাকা মার্তৃম-মুনিজের বেনফরমসো সড়কের রাঁধুনি রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ৯ টায় শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠানের। সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এর সভাপতি রানা তাসলিম উদ্দিন।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন সদস্যবৃন্দ ছাড়াও লিসবনে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। পিবিএফ এর সাধারণ সম্পাদক কবি মোর্শেদ কমল অতিথিদের নিজের লেখা কবিতার বই উপহার দেন। সংগঠনটির কার্যকরী সদস্য মুকুল হোসেন অতিথিদের হাতে পর্তুগালের সুভেনিওর উপহার স্বরূপ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা ফিরোজ দিপু বলেন, প্রবাসে বাংলাদেশিদের এমন সংঘবদ্ধ দেখে ভালো লাগে। কিছু বছর পূর্বেও এমনটা দেখা যেতো না। দেশীয় রাজনীতির বিপরীতে মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হতে প্রবাসীদের আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রবাসে আপনারা সবাই দেশের প্রতিনিধি। প্রত্যেকেই আপনারা এক একজন এম্বাসেডর। প্রবাসে সবাই দেশের ভাবমূর্তি উজ্জল রাখবেন।
তানভীর উল ইসলাম সিদ্দিকী বলেন, প্রবাসে আমরা যখন আসি প্রবাসে থাকা বাংলাদেশিরা আপনারা যেভাবে শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেন যেভাবে করেন আপনারা যখন বাংলাদেশে যান আমরা আপনাদের সেভাবে বরণ করতে পারি না। আপনারা বিদেশে থেকে দেশের অর্থনীতি এবং নিজেদের পরিবারে অবদান রাখছেন। দেশকে সমৃদ্ধ করছেন, আপনাদের যেকোনোও সমস্যায়ও আমরা পাশে থাকতে চাই। আপনাদের প্রবাসের সমস্যাগুলো আমাদের জানাবেন আমরা এসব নিয়ে দেশে থেকে আপনাদের সহযোগিতায় এগিয়ে আসবো।
সম্মানিত অথিতিবৃন্দ প্রবাসীদের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শুনেন ও প্রশ্নের উত্তর দিয়ে প্রবাসীদের কি করনীয় তা ব্যাখ্যা করেন। সভাপতির বক্তব্যে রানা তাসলিম উদ্দিন বলেন, বাংলাদেশের দুজন স্বনামধন্য মানুষকে আজ আমাদের মাঝে পেয়ে আনন্দ লাগছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন, এবং সবাইকে রাতের খাবারের জন্য আহবান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের সভাপতি হুমায়ুন কবির জাহাঙ্গীর, পিবিএফএ সাধারণ সম্পাদক মোর্শেদ কমল, আবুল কালাম আজাদ, হাবীবুর রহমান, শাহাদাত হোসেন, সরদার আলী আহমেদ রায়হান, মনজুরুল হোসেন জিন্নাহ, রাজিব আল মামুন প্রমুখ।
ইত্তেফাক/এসএস