ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ রানের জন্য যে সেঞ্চুরিটা পাওয়া হলো না অসি অলরাউন্ডার মিচেল মার্শের। তাই দলকে ভালো একটা অবস্থানে পৌঁছে দিলেও মার্শের মুখে স্বস্তির হাসি ছিল না।
প্রোটিয়া বোলারদের দাপটে টেস্টের শুরু থেকেই বিপদে অস্ট্রেলিয়া। ব্যাটসম্যানরা কেউই থিতু হতে পারছিলেন না। ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ হাফসেঞ্চুরি করে দলের বিপর্যয় সামলালেও পঞ্চাশের ঘরটা পার হতে পারেননি। প্রথম দিনশেষে বলতে গেলে অস্ট্রেলিয়ার শেষ ভরসা হয়ে ছিলেন মিচেল মার্শ।
দলের ভরসা হয়েই দ্বিতীয় দিনে ব্যাটিং করে গেছেন মিচেল মার্শ। ২৫১ রানে ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়ার যখন তিনশো করা নিয়েই সংশয়, তখন একপ্রান্ত আগলে রেখে দারুণ লড়াই চালিয়ে গেছেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ভারনন ফিল্যান্ডার ভেঙেছেন তার প্রতিরোধ।
১৭৩ বলে ১৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৯৬ রানে দাঁড়ানো মার্শকে মরনে মরকেলের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন ফিলেন্ডার। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হওয়া মার্শ ৩৪১ রানে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর আর বেশিদূর এগোতে পারেনি অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের দল অলআউট হয়েছে ৩৫১ রানে।
জবাব দিতে নেমে ২৭ রান তুলতেই একটি উইকেট হারিয়ে বসেছে দক্ষিণ আফ্রিকাও। নাথান লায়নের ঘূর্ণিতে ফিরতি ক্যাচ দিয়ে ওপেনার ডিন এলগার ফিরেছেন ৭ রানে। ওই ওভারেই শুন্যরানে ফিরে গেছেন হাশিম আমলা। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিন আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৭১। ডি ভিলিয়ার্স ২৪ ও অধিনায়ক ডু প্লেসিস ৮ রানে ক্রিজে অপরাজিত আছেন।
ইত্তেফাক/ রেজা