বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। কিন্তু কোচ হওয়ার প্রস্তাবটি বারবার ফিরিয়ে দিয়েছেন তিনি। এমনটিই দাবি করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
আকরামের দেওয়া ওই বক্তব্য পত্রিকায় দেখে বিস্মিত বুলবুল। বিষয়টি নিয়ে শুক্রবার বুলবুল তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন ফেসুবক অ্যাকাউন্টে।
নিজের ফেসুবকে বুলবুল লেখেন, ‘নিউজটির শিরোনাম দেখে আমি বিস্মিত, হতাশ ও বিরক্ত। আমি বিসিবি থেকে কোনও পর্যায়ের (অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দল) কোচিং করানোর আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। এমনকি শেষ বিপিএলে ক্যাপ্টেন বক্সে অধিনায়কদের তালিকাতে আমার নাম ছিল না।’
তিনি আরও লিখেছেন, ‘প্রতি বছরই আমি বিপিএল ও ডিপিএলে কোচিংয়ের প্রস্তাব পাই। এজন্য আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেই, কারণ এক মাসের কোচিং করানোর জন্য আমি আমার চাকরি ছাড়তে পারি না।’
বুলবুল যোগ করেন, ‘আকরাম কী বিসিবির অপারেশন্স, বিসিবি নাকি বিপিএলের পক্ষ থেকে কথা বলছেন?’
আকরামকে মিথ্যাবাদী পর্যন্ত বলেছেন বুলবুল। বুলবুলের কথা, ‘আমি প্রস্তাব না পেয়ে বেশ ভালো আছি। তবে এ ধরনের মিথ্যা কথায় আমি খুবই রাগান্বিত।’
শেষ বক্তব্যে বাংলাদেশের ক্রিকেটের দুর্দশা তুলে ধরেছেন সাবেক এই ক্রিকেটার, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতি এখন আইসিইউতে।’
ইত্তেফাক/ রেজা