বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সরকারের প্রতি অনুরোধ থাকবে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের যেন শাস্তির আওতায় আনা হয়। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এও আশা রাখে, মুক্তমত চর্চা যারা করে আসছেন তাদের নিরাপত্তা ব্যবস্থাও যেন জোরদার করা হয়। ড. মহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী যে দ্রুত পদক্ষেপ নিয়েছেন, এজন্য আমরা তাঁকে সাধুবাদ জানাই। এ বিষয়ে সব ধরনের ভালো উদ্যোগে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সবসময় সরকারের পাশে আছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে জাফর ইকবালের ওপর এ হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মঞ্চে বসে থাকার সময় পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়। এদিকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে স্থানীয়রা। তাকে পিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, মঞ্চের পেছন থেকে এসে এক যুবক ছুরি মারে। সঙ্গে সঙ্গে পুলিশসহ অন্যরা তাকে আটক করে।
ইত্তেফাক/কেআই