জাফর ইকবালের উপর হামলার ঘটনায় উত্তাল শাবি

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ক্যাম্পাস।
 
রবিবার সকাল থেকেই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলে।
 
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকেই কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে জড়ো হতে থাকে। সাড়ে ৯টায় কয়েক হাজার শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে হয় একটি বিক্ষোভ মিছিল। 
IMG0
এছাড়া বেলা ১১টায় শাবি শিক্ষক সমিতি এবং একই সময় কর্মকর্তা-কর্মচারী ঐক্য সমিতি, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানবন্ধন-মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় শাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল এবং পরবর্তীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সময় শাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
IMG1
এদিকে দিনব্যাপী শাবি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা কালোব্যাজ ধারণ করে এই হামলার প্রতিবাদ জানায়। বিকেলে অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই হামলার প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ শাবি শাখা।
 
মানববন্ধন-মিছিল-সমাবেশে এসময় শিক্ষার্থীরা ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও, এক হও’, ‘জাফর স্যারের উপর হামল কেন, প্রশাসন জবাব চাই’, ‘তোমার আমার অধিকার, নিরাপত্তা জোরদার’, দাবি মোদের একটাই, নিরাপদ ক্যাম্পাস চাই’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এদিকে রাতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করবে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষক সমিতি ২ ঘণ্টার কর্ম বিরতির ঘোষণা দিয়েছে।
 
উপাচার্যের সংবাদ সম্মেলন: উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ রবিবার বিকেল ৪টায় তার কার্যলয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘এই হামালার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ড. জাফর ইকবাল এখন সুস্থ ও সম্পূর্ণ শঙ্কা মুক্ত। আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। একটি ঘটনা ঘটে গেছে আর যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে সেজন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। পুরো ক্যাম্পাসে সিসি ক্যামেরা আরো বাড়ানো হবে। প্রত্যেক পয়েন্টকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য চার কোটি টাকা বরাদ্দ আছে। সারা ক্যাম্পাসে লাইটের সংখ্যা আরো বাড়ানো হবে।  এছাড়া অচিরেই সীমানা প্রাচীরের কাজ শুরু করা হবে। 
IMG2
মামলা দায়ের: এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইসফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম রবিবার দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 
উল্লেখ্য, শনিবার বিকেলে ইইই ফেস্টিভাল চলাকালীন সময়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় এক হামলাকারীকে গণধোলায় দিয়ে আটক করা হয়। 
 
ইত্তেফাক/আরকেজি