ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের মূলগেট বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে প্রবেশের মূল গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে করে শিক্ষার্থীদের গাড়ি পার্কিংয়ের জায়গা দিয়ে ভবনে আসা-যাওয়ার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে।

শিক্ষার্থীরা জানিয়েছে, সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম গেটটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর তিনি অনুষদের ডিন হিসেবে যোগ দেন। এর আগে অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিলেন টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভুঁইয়া। তার আগে ডিন ছিলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সময় মূল গেটটি বন্ধ ছিল। কিন্তু গত বছরের ২ জুলাই অধ্যাপক শফিউল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) হয়ে শিক্ষক, শিক্ষার্থীদের আসা যাওয়ার সুবিধার্থে ভবনের মূল গেটটি খুলে দেন। অধ্যাপক সাদেকা হালিমও দীর্ঘদিন গেটটি খোলা রাখেন। কিন্তু সম্প্রতি তিনি গেটটি বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন বলে ভবনের কর্মচারীরা ইত্তেফাককে জানিয়েছেন।

সরেজমেনি ভবনে গিয়ে গেটটি বন্ধ পাওয়া যায়। ওই ভবনের কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়। তারা জানান, গেটটি খোলা থাকলে তাদের জন্য যাতায়াতের সুবিধা হয়। এ বিষয়ে সমাজ বিজ্ঞান বিভাগের আরিফ নামে একজন ছাত্র জানান, আগে স্বাচ্ছন্দ্যে যাওয়া-আসা করা যেত। কিন্তু এখন ভবনের একেবারে নিচ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে অসুবিধা হচ্ছে।

ভবনের একাধিক শিক্ষার্থী গেটটি খোলা রাখার পক্ষে কথা বলেছেন। এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অধ্যাপক সাদেকা হালিম বলেন, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে কোনটা বন্ধ থাকবে আর কোনটা খোলা থাকবে। তবে শিক্ষার্থীদের অসুবিধা হলে গেটটি খুলে দেয়া হবে বলে জানান তিনি।

ইত্তেফাক/নূহু