জাফর ইকবালের উপর হামলার ঘটনায় প্যারিসে প্রতিবাদ সভা

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের হামলার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করা হয়। ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক ও সমাজকর্মী দেবেশ বড়ুয়ার আহবানে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় প্যারিসের এক রেস্টুরেন্টে।
 
সভায় বক্তারা এ ধরনের ঘৃণ্য ও কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়ে বলেন, দেশকে অশান্ত করার জন্য মৌলবাদী ও স্বাধীনতা বিরোধীচক্র ড. মুহম্মদ জাফর ইকবালকে প্রকাশ্য দিবালোকে হত্যা চেষ্টা চালায়। উনার নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর উপস্থিতিতে এ ধরনের আক্রমণ উদ্বেগের বিষয়। এ আক্রমণের দ্বারা ধর্মান্ধগোষ্ঠী তাদের ষড়যন্ত্রের জাল কতোটা বিস্তৃত তা প্রমাণ করেছে। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষনিকভাবে বিষয়টি তদারকি করায় একটি বড় ধরনের ক্ষতির হাত থেকে জাতি আজ রক্ষা পেয়েছে জন্য ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, ধর্মান্ধ এ গোষ্ঠীর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। তাদের প্রতিরোধের জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। তাদের কোন মতেই সংঘটিত হতে দেয়া্ যাবে না।
 
এটি আজ আমাদের সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে বক্তারা বলেন, যে গোষ্ঠীটি জাতির মনন ও মেধার চালিকাশক্তির উপর একের পর এক আক্রমণ করছে তাদের দ্রুত নির্মূলের জন্য সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। স্বাধীনতা যুদ্ধের সময় জাতিকে মেধাশূন্য করার যে প্রক্রিয়া দখলদার ও হানাদার পাকিস্তানী সামিরিক বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা চালু করেছিলো তা এখনো থেমে নেই। এদের সব ধরনের চক্রান্ত রোধ করার আহবান জানান বক্তারা।
 
সভায় আগামী ১১ মার্চ রোববার প্যারিসের রিপাবলিক চত্বরে জাফর ইকবালের প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে এক মানববন্ধন ও সেখান থেকে একটি প্রতিবাদপত্র রির্পোটার স্য ফ্রন্টিয়ারে দেয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। পাশাপশি দেশে ও দেশের বাইরে ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে জনমত তৈরিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত হয়।
 
সাংবাদিক ও সমাজকর্মী দেবেশ বড়ুয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে টেলিফোনে বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন, ছালেহ আহমেদ চৌধুরী, আশরাফুল ইসলাম, জসিমউদ্দিন ফারুক, শাহীন আরমান চৌধুরী, মোহাম্মদ নুরুল আবেদীন, কবি মোস্তাফা হাসান, অধ্যাপক অপু আলম, সুব্রত ভট্টাচার্য, ফযসল উদ্দিন, মাহবুবুল হক কয়েছ, স্বদেশ বড়ুয়া, কামাল মিয়া, হো চি মিন, হারুন অর রশিদ, নিয়াজ উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম, তাজেল আহমেদ, মনসুর আহমেদ প্রমুখ।
 
ইত্তেফাক/কেআই