চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র লড়াইয়ে ফিরতি লেগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে জুভেন্টাসের হয়ে দলে ফিরেছেন গঞ্জালো হিগুয়েইন। তবে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির বিবেচনায় আসতে পারেননি আরেক তারকা মারিও মানজুকিচ।
মঙ্গলবার দলের সাথে অনুশীলন করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েইন। ওয়েম্বলিতে দ্বিতীয় লেগের ম্যাচের জন্য তকে ফিট ঘোষণা করা হয়েছে। ৩০ বছর বয়সী হিগুয়েইন গত মাসে তুরিনে ২-২ গোলের ড্র ম্যাচটিতে দুই গোল করলেও পেনাল্টি মিস করেছেন। গোঁড়ালির ইনজুরির কারণে আগের দুই ম্যাচে তিনি খেলতে পারেননি। সময়মত তার দলে ফেরা মানজুকিচকে দল থেকে ছিটকে দিয়েছে। ক্রোয়েশিয়ান এই তারকা অবশ্য থাইয়ের সমস্যায় ভুগছেন। সে কারণেই লন্ডন সফরে ২১ সদস্যের দলে তাকে রাখা হয়নি।
ইত্তেফাক/এএম