জয় বাংলা কনসার্টের স্মারক হস্তান্তর

৭ই মার্চ উপলক্ষে আয়োজিত জয় বাংলা কনসার্টের প্রাক্কালে কনসার্টটির স্মারক হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ বিপু এ স্মারক তুলে দেন। স্মারক হস্তান্তরের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
 
জানা যায়, প্রতিবারের মতো এবারো ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্সের ভাষণের বর্ষপূর্তিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করেছে ইয়াং বাংলা।
 
আজ বুধবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টের গেট খুলবে দুপুর দেড়টায়। কনসার্ট চলবে বিকেল সোয়া তিনটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। কনসার্টে ধারাবাহিকভাবে পারফর্ম করবে পাওয়ারসার্জ, আরবোভাইরাস, শুণ্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট এবং আর্টসেল। অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন কারীরা কনসার্টে প্রবেশের সুযোগ পাবে।
 
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে শুরু হওয়া এই কনসার্টটি এবার প্রথম ঢাকার বাইরে দুই স্থানে অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে এবং ৫ মার্চ খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/এসএস