ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে দুর্বৃত্তের হামলায় হেলপারসহ তিনজন আহত হয়েছে। বুধবার নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে স্থানীয় সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে থানা সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ আইইটি স্কুল থেকে ঢাবির ‘মৈত্রী’ বাসটি ক্যাম্পাসে ফিরছিল। বাসটি সিদ্ধিরগঞ্জ এলাকায় পৌঁছুলে শীতলক্ষ্যা ও দূরন্ত পরিবহন নামক দুটি বাস পরস্পরকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার সূত্রপাত ঘটায়। এ সময় শীতলক্ষ্যা পরিবহনের বাসটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ঢাবির বাসে প্রচণ্ডভাবে ধাক্কা দেয়। এতে বাসের বাম্পারে আঘাত লাগে। এ নিয়ে দুই বাসের লোকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে চিটাগাং রোড বাসস্ট্যান্ডে এসে অন্য গাড়ির লোকদের সহায়তায় ঢাবি বাসে হামলা করে শীতলক্ষ্যা পরিবহনের লোকজন। সাত-আট জন লোক ঢাবির বাসে উঠে শিক্ষার্থীদের মারধর করে। দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হন বাসের হেলপার মো. টিপু। তাকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এছাড়া এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হন। তাদের নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে মৈত্রী বাস পরিচালনা কমিটির উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক নাহিদ কামাল বলেন, বাসে চার-পাঁচ জন শিক্ষার্থী ছিলো। খবর পেয়ে অন্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনার মূল হোতা শীতলক্ষ্যা পরিবহনের হেলপারকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া বলেন, উভয়পক্ষের মধ্যে তর্কতর্কি থেকে শুরু হওয়া ঘটনায় একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার সত্যতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, থানা ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে প্রক্টরিয়াল বডি তাদের প্রয়োজনীয় সাহায্য করবে।
ইত্তেফাক/নূহু