রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে শিশুসহ পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে কল্যাণপুরের ২ নম্বর সড়কের পাঁচ তলা একটি ভবনের চারতলার ফ্যাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।
দগ্ধরা হলেন- ফ্ল্যাটের বাসিন্দা মো. আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩০), তাদের শিশু মেয়ে আফরিদা আকতার ফাতেমা, রীনার বোন আরজু বেগম (২৮) এবং তার স্বামী নজরুল ইসলাম। রাত ১০টার দিকে তাদের হাসপাতালে নেয়া হয়। মালেক ও নজরুল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বেশি দগ্ধ রীনা, ফাতেমা ও আরজুকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ১১ মাস বয়সী ফাতেমার শরীরের ৪৭ শতাংশ এবং তার খালা আরজুর দেহের ৮৫ শতাংশ পুড়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান বাচ্চু মিয়া।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনও জানেন না তিনি। তাদের কাছে কেউ বলেনি বা কোন অভিযোগও আসেনি। এরপরও তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান।
ইত্তেফাক/নূহু