এবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ইন্টার্নসহ ১০জন চিকিৎসকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আইনজীবী সাইফুল ইসলামের ফেসবুক স্ট্যাটাস সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৪ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনামুল জহিরকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ইন্টারনেটে মানহানিকর বক্তব্য প্রদান ও প্রচার করায় রামেক হাসপাতালের ইন্টার্ন ও কয়েক মেডিকেল অফিসারসহ ১০জনের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ (২) ধারায় এ মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল, ঢাকায় আইসিটি আইনের ৫৭ (২) ধারায় ১০জনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করলে, ট্রাইব্যুনাল পিটিশনটি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এফআইআর হিসেবে লিপিবদ্ধ করে তদন্তের আদেশ দেন। এর আগে স্থানীয় আদালতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক এবং রামেক হাসপাতালের মধ্যেকার মামলা-পাল্টা মামলা প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, বিগত ১৪ ফেব্রুয়ারি রাতে রামেকে চিকিৎসাধীন মেয়ের জন্য ওষুধ নিয়ে যাওয়ার সময় ইন্টার্ন চিকিৎসকদের হাতে অমানবিক মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক এনামুল জহির।
ইত্তেফাক/আরকেজি