দিল্লীস্থ বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যথাযোগ্য মর্যাদায় ভারতের রাজধানী নয়া দিল্লীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান উল্লেখপূর্বক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, ৭ মার্চের অমর এই ভাষণটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিসহ তালিকাভুক্ত করে বঙ্গবন্ধুকে বিশেষ সম্মান জানিয়েছে ইউনেস্কো। 
 
তারা আরো বলেন, বঙ্গবন্ধুর কালজয়ী এ ভাষণে সাড়া দিয়েই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পরে বাংলার আপামর জনগণ। আর ইউনেস্কোর এ স্বীকৃতি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এ জাতিকে আবারও উৎসাহিত করবে বলে জানানো হয়।
 
এসময় উপ-রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক, প্রেস মিনিস্টার ফরিদ হোসেন, ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আ ক ম জিয়াউর রহমান, সহকারী সচিব বিপ্লব তফাদারসহ চ্যান্সারি প্রধান আ ফ ম জাহিদ-উল-ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে প্রার্থনা করা হয়।
 
ইত্তেফাক/সেতু