গ্রীসে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

গ্রীসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে গ্রীসস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী, জেলা ও বিভাগভিত্তিক আঞ্চলিক সংগঠন, নারী নেতৃত্ব, নতুন প্রজন্মের প্রতিনিধিসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। 
 
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। বাণী পাঠের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের রঙিন ভিডিও প্রদর্শন করা হয়। জাতির পিতার ঐতিহাসিক ভাষণটি পাঠ করে শোনায় প্রবাসী কিশোরী আমিন ফিমা। 
IMG0
গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃপ্ত পদক্ষেপে দেশ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রদূত আরো বলেন, জাতির পিতার ভাষণের ইউনেস্কো কর্তৃক পৃথিবীর গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি আমাদের জাতির জন্য এক গর্বের বিষয়। এই অর্জনের মধ্য দিয়ে একদিকে যেমন বহির্বিশ্বে জাতির পিতার অবিস্মরণীয় বাণী ছড়িয়ে পড়লো, তেমনি একই সঙ্গে আমাদের উপর দায়িত্ব অর্পিত হলো জাতির পিতার মূল্যবোধ ছড়িয়ে দেয়ার। 
 
অনুষ্ঠানে বক্তারা জাতির পিতার অমূল্য অবদানকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে জাতির পিতা, তার পরিবারবর্গকে স্মরণ করে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। উল্লেখ্য, জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি দূতাবাসের উদ্যোগে গ্রীক ভাষায় অনুবাদ করে অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
 
ইত্তেফাক/সেতু