পল্টনে পরিত্যক্ত পটকা বিস্ফোরণে তিন পথশিশু আহত

রাজধানীর পল্টনে রবিবার সকালে পরিত্যক্ত পটকা বিস্ফোরণে তিন পথশিশু আহত হয়েছে। আহত ঝুমা (১৩), বিপ্লব (১০) ও নুর আলমকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
 
জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চার নম্বর গেইটের সামনে হঠাত্ একটি পটকা বিস্ফোরণ ঘটে। এই সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। 
 
আহত বিপ্লব জানিয়েছে, ঝুমা, নুর আলম ও সে দৈনিকবাংলার মোড়ে ভ্যান স্ট্যান্ডে ভাসমান অবস্থায় থাকে। সকালে স্টেডিয়ামের চার নম্বর গেটের সামনে ময়লা কুড়াচ্ছিল তারা। এ সময় নুর-আলম বল আকৃতির একটি বস্তু কুড়িয়ে পায়। সেটি নাড়াচাড়া করার সময় হঠাত্ করেই বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে তারা আহত হয়।
 
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক জানান, পরিত্যক্ত পটকা বিস্ফোরণে ওই শিশু তিনটি আহত হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই