জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন

বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদীদের ঠাই নাই, ড. জাফর ইকবালের উপর হামলাকারীর বিচার চাই। লাখো শহীদের আত্মদান বাহাত্তরের সংবিধান, থাকব সবাই মিলেমিশে ধর্ম বর্ণ নির্বিশেষে। তোমার দেশ  আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। মুক্তিযুদ্ধের আদর্শে মৌলবাদের ঠাই নাই, ড. জাফর ইকবালের হামলাকারীর ফাঁসি চাই। ড. জাফর ইকবালের শিক্ষা সমাজ প্রগতির দীক্ষা। এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক চত্বর। 
 
সেই সঙ্গে বাংলাদেশে সকল জঙ্গি ও সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্ত এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। জনপ্রিয় লেখক ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ, ফ্রান্স রবিবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত প্লাস দোলা রিপাবলিক চত্বরে এ মানববন্ধ করে। 
 
কবি মোস্তফা হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফ্রান্স সরকারের সাংস্কৃতিক অঙ্গনের সর্বোচ্চ খেতাব নাইট উপাধিপ্রাপ্ত বিখ্যাত মুখাভিনেতা পার্থ প্রতিম মজুমদার, বিশিষ্ট কবি ও আবৃত্তিকার রবি শংকর মৈত্রী, চলচ্চিত্রকার আমিরুল আরহাম, উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরনময় মন্ডল, সাবেক মেয়র জসীম উদ্দিন ফারুক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রজত রায়, সংগঠক সুব্রত ভট্টাচার্য শুভ, সাংবাদিক অধ্যাপক অপু আলম, নির্মাতা প্রকাশ রায়,  স্বপন হক, কামাল মিয়া, স্বদেশ বড়ুয়া চন্দন, তায়েফ, ফ্রান্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, সেলিম আল দ্বীন, মিজানুর রহমান, আজিজুর রহমান, হাবিবুর রহমান হাবিব ও তাজেল আহমেদ প্রমুখ।
 
বক্তারা ঘৃন্য ও কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়ে বলেন, দেশকে অশান্ত করার জন্য মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী চক্র ড. মুহম্মদ জাফর ইকবালকে প্রকাশ্য দিবালোকে হত্যা চেষ্টা চালায়। ধর্মান্ধ এ গোষ্ঠীর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। তাদের প্রতিরোধের জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। 
 
মানববন্ধনে ইউরোপের জনপ্রিয় শিল্পী আরিফ রানা, কাব্য কামরুলের পুথিপাঠ মাইম শিল্পী হিরো প্রতিবাদী অভিনয় দিয়ে ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ জানান।
 
ইত্তেফাক/কেআই