জর্জিয়া স্টেট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। সম্মেলনে হুমায়ূন কবীর কাওছার সভাপতি এবং মাহমুদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় জর্জিয়ার রাজধানী আটলান্টা শহরের শালওফোর্ড রোডের কোয়ালিটি ইনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এছাড়া প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোহাম্মদ আলী মানিক। এছাড়া বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাছিব মামুন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, কার্যকরী সদস্য শাহানারা রহমান, জর্জিয়া আওয়ামী লীগের মিন্টু রহমান, দিদারুল আলম গাজী ও এম. মওলা দিলু প্রমুখ। 
 
প্রধান অতিথির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আসতে হবে। তাই দেশে-প্রবাসে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে। 
 
তিনি জর্জিয়া আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, দলের প্রতিটি নেতা-কর্মী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। তাই সকল মতভেদ ভুলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। 
 
সম্মেলনে সভাপতিত্ব করেন জর্জিয়া আওয়ামী লীগের বিদায়ী সভাপতি আলী হোসেন। সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই