চলতি মৌসুমের শেষে দীর্ঘ ক্যারিয়ারকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ মিডফিল্ডার মাইকেল ক্যারিক। ৩৬ বছর বয়সী ক্যারিক ইউনাইটেডের হয়ে দীর্ঘ ১২ বছরে ১৮টি শিরোপা লাভ করেছেন। এর মধ্যে রয়েছে পাঁচটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা।
এবারের মৌসুমে ক্যারিক মাত্র চারটি ম্যাচে খেলেছেন। গত সেপ্টেম্বরে বারটন আলবিওনের বিপক্ষে লিগ কাপের গেমে হৃদরোগের সমস্যা দেখা দেয়ায় ক্যারিকের ম্যাচে উপস্থিতি অনিয়মিত হয়ে পড়ে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘এমন একটা সময় আসবে যখন মনের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে। শারিরীকভাবে আর শীর্ষ পর্যায়ে খেলার অনুমতি পাচ্ছি না। এটা আমাকে মেনে নিতেই হবে।’
খেলোয়াড়ী জীবন থেকে বিদায় নিলেও আগামী মৌসুমে হোসে মরিনহোর কোচিং স্টাফ এর অংশ হিসেবে ক্যারিকের ইউনাইটেডে থেকে যাবার সম্ভাবনা রয়েছে। এ ব্যপারে আলোচানা চলছে, সে কারণেই নিশ্চিতভাবে কিছু জানাননি এই তারকা মিডফিল্ডার।
ইত্তেফাক/কেআই