‘স্বচ্ছ ঢাকা’ গড়তে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ, প্রতিবেশ ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাসেম্বলিতে পরামর্শমূলক বক্তব্য দিয়ে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।
আজ মঙ্গলবার বেইলি রোড অফিসার্স ক্লাবে ‘স্বচ্ছ ঢাকা’ অভিযান সম্পর্কে নগরবাসীকে সচেতন করে তুলতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র এ আহ্বান জানান।
কর্পোরেশনের ৫টি অঞ্চলের ৪৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা ‘স্বচ্ছ ঢাকা’ গড়ে তুলতে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আহ্বান শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার অঙ্গীকার করেন। কয়েকজন শিক্ষক ব্যবসায়ীদের কর্পোরেশনের ট্রেড লাইসেন্স দেয়ার সময় দোকানে ওয়েস্ট বাস্কেট রাখা বাধ্যতামূলক করার প্রস্তাবসহ কিছু পরামর্শ তুলে ধরেন।
মেয়র খোকন বলেন, ‘৪২ স্কোয়ার কিলোমিটার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় এক কোটি ৫০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে আশেপাশের জেলার মানুষদের যাতায়াত রয়েছে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এই ঢাকা। অতিরিক্ত জনসংখ্যার জন্য পরিষ্কার রাখতে হিমশিম খেতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত নাগরিকরা সচেতন না হয়ে ওঠেন, ততক্ষণ পর্যন্ত নগর পরিষ্কার রাখা কঠিন ব্যাপার। এ জন্য সবাইকে সচেতন করার চেষ্টা করছি।’
ইত্তেফাক/এমআই