গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ মহাবারুণীর স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কমপক্ষে ১০ লাখ পুণ্যার্থী দুশ' বছরের ঐতিহ্যবাহী এ স্নানোৎসবে অংশ নেন। স্নানোৎসবকে কেন্দ্রকরে ওড়াকান্দিতে আজ থেকে ৫ দিনব্যাপী মহাবারুণীর মেলা শুরু হয়েছে।
পুণ্য ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২শ' ৭তম জন্ম তিথি উপলক্ষে বুধবার মধ্যরাতে গদীনশীল ঠাকুর ও মতুয়াচার্য শচিপতি ঠাকুর ও পদ্মনাভ ঠাকুর কামনা সাগরে স্নান করে স্নানোৎসবের শুভ সূচনা করেন। এর পর পাঁচ কুড়ির দল স্নানে অংশ নেয়। তার পর থেকে চলতে থাকে স্নানোৎসবের পালা। আজ দিন ও রাতব্যাপী চলবে স্নানোৎসব। আগামী শুক্রবার সকালে স্নানোৎসব শেষ হবে।
কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও হরিচাঁদ ঠাকুরের উত্তর পুরুষ সুব্রত ঠাকুর হিল্টু জানান, দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকা, ভারতের পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরা থেকে পুন্যার্থীরা দলে দলে ঢাক, ঢোল, শঙ্খ, কাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে হরি বোল ধ্বনিতে এলাকা প্রকম্পিত করে স্নানোৎসবে অংশগ্রহণ করেন। সারাদিন বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ লাখ লাখ পুণ্যার্থীরা পাপ মুক্তি ও পাপ মোচনের আশায় স্নান করেন। স্নান সেরে ভক্তরা ঠাকুরের মন্দিরে প্রণাম করে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঠাকুরে কৃপা লাভের জন্য প্রার্থনা এবং গড়াগড়ি যান।
ওড়াকান্দিতে আজ থেকে ৫ দিনব্যাপী বারুণীর মেলা শুরু হয়েছে বলেও জানান সুব্রত ঠাকুর। আজ বৃহস্পতিবার দুপুরে স্নানোৎসবে অংশ নেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোস।
ইত্তেফাক/এসএস