বিমান দুঘর্টনায় আহত শাহরিন ঢাকা মেডিকেলে ভর্তি

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া গুরুতর আহত শাহরিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ-এর ৫ নম্বর বেডে তাকে ভর্তি করা হয়। তার চিকিৎসার দেখভাল করছেন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে প্রধান সমন্বয়কারী সামন্তলাল সেন।
 
এর আগে বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে দেশে ফিরিয়ে আনা হয় শাহরিনকে। বিমানবন্দর থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সঙ্গে তার দুই ভাই রয়েছেন। 
 
সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন বাংলাদেশি ছিলেন।
 
কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসা নেয়া বাকি ১০ বাংলাদেশির মধ্যে স্কুল শিক্ষক শাহরিনই প্রথম দেশে ফিরলেন। তিনি কাঠমান্ডু মেডিকেল কলেজে ভর্তি ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি