ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুরের তিতাস নদীর ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে তিতাস ঘাটে স্নান শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। চৈত্রমাসের তিথি মোতাবেক এ পুণ্যস্নান করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এতে সারা বছরের পাপ মোচন হয় বলে তাদের বিশ্বাস। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ছোট-বড় নারী-পুরুষের সমাগম ঘটেছে এ তিতাস পাড়ে। স্নান শেষে তাদেরকে মন্ত্র পাঠ করতে দেখা যায়।
এদিকে স্নানকে কেন্দ্র করে খড়মপুর শাহপীর কল্লা শহীদ মাজার মাঠে বসেছে চৈত্র মেলা। মেলায় মাটির তৈরির হরিণ, গরু, হাসসহ বিভিন্ন প্রকার পশু-পাখি, খেলনা, বাঁশ বেতের তৈরি জিনিষপত্র, হাড়ি-পাতিল,ফলের দোকান,দা-বটি, মিষ্টান্ন, হাতপাখাসহ বিভিন্ন রকম জিনিষপত্রের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। উৎসবে রূপ নিয়ে মেলার মাঠ। শিশু-কিশোরসহ বড়রাও দোকানে দোকানে ঘুরে ক্রয় করছেন পছন্দের জিনিস।
সকাল ৮টায় তিতাস পাড়ে গিয়ে দেখা গেছে, খড়মপুর মাজার কমিটির পক্ষ থেকে তিতাস পাড়ে বড় পেন্ডেল টানানো হয়েছে। নিরাপত্তার রক্ষার্থে দায়িত্বপালন করছেন পুলিশ সদস্যরা।
IMG0
মেলার মাঠে কথা হয় ছোট্ট মেয়ে অন্তরা’র সাথে। তার হাতে মাটির তৈরি হাড়ি-পাতিলসহ অন্যান্য খেলনা। ছোট বোন শারমিনকে নিয়ে খেলার এসব কিনেছে সে।
ষাটোর্ধ হরিবালা দাস এসেছেন সিঙ্গারবিল থেকে। তিনি জানালেন প্রায় ২০ বছর ধরে এখানে স্নান করতে আসেন। স্নানের মাধ্যমে পাপ মোচন হয়। স্নান শেষে নদীর পাড়ে বসে মন্ত্র পাঠ করতে দেখা যায়, আখাউড়া বড় বাজারের ব্যবসায়ী হীরালাল সাহাকে। তিনি পরিবারের সবাইকে নিয়ে পুণ্যস্থানে এসেছেন বলে জানান।
ইত্তেফাক/রেজা