পঞ্চগড়ে হাসকিং মিলে ডাকাতি, ১১৬ বস্তা চাল লুট

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এলাকার মফি হাসকিং মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পাহারাদারকে মারপিট করে বেঁধে রেখে মিলের গোডাউনের তালা ভেঙ্গে ১১৬ বস্তা চাল নিয়ে গেছে। বুধবার গভীর রাতে ডাকাতির ঘটনাটি ঘটে। আহত পাহারাদার শাহ আলমকে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি।
  
মিল মালিক সফিউল আলম মানিক জানান, একদল ডাকাত ট্রাক যোগে এসে মিলের ভিতর প্রবেশ করে পাহারাদার শাহা আলমকে মারপিট করে হাত-পা বেঁধে মিলের একটি কক্ষে আটকে রাখে। পরে গোডাউনের দরজার তালা ভেঙ্গে ১১৬ বস্তা চাল ট্রাকে ভর্তি করে নিয়ে যায়। ডাকাতরা ৪ বস্তা চাল মিলের বাইরে ফেলে পালিয়ে যায়। 
 
সকালে এলাকাবাসিরা রাস্তার উপর চাল পড়ে থাকতে দেখে মিল মালিককে খবর দেয়। মিল মালিক এসে পাহারাদার শাহা আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 
 
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মফি হাসকিং মিলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/রেজা